বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের
- Update Time : ১১:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতির কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প.) ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।




























