নবজাতককে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা
- Update Time : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নবজাতক সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক প্রসূতি সড়কে প্রাণ হারালেন। রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারান এই প্রসূতি নারী। নিহত হালিমা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবারের চারজন সহ ৫জন আহত হন। আহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান, নিহত হালিমা বেগমের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন হালিমা বেগম। রবিবার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের উদ্যোশে যাত্রা করেন হালিমা বেগমের পরিবারের সদস্যরা। রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হালিমা বেগম সহ অ্যাম্বুলেন্সে থাকা অন্যান্যরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের্ নিয়ে যাওয়া হলে প্রসূতি হালিমা বেগম মারা যান। গুরুতর আহত নবজাতক সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।























