মাদ্রাসাছাত্রীকে অপহরণ, অভিযানে উদ্ধার, যুবক গ্রেফতার
- Update Time : ০৯:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের কানাইঘাটে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গভীর রাতে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে সিলেটের কানাইঘাটে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ২ঘটিকার দিকে কানাইঘাট থানার মাছুগ্রাম গ্রামের শরীফ উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (১৯) একই এলাকার এক মাদ্রাসাছাত্রীকে বাড়ি ফেরার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) দুর্গা কুমার দেব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ নভেম্বর গভীর রাতে কানাইঘাট থানাধীন ৩নং দিঘীরপাড় ইউনিয়নের মাছুগ্রামে আসামীর বোনের ভাড়াটিয়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামী পারভেজ আহমদকে আটক করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) আইনে মামলা রুজু করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃত আসামীকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।























