জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত- ৩
- Update Time : ০২:৫৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তগোলাম আলীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হাজী জালাল উদ্দিন ও আব্দুল মজিদের মধ্যে সরকারি এজমালি জায়গা লিজ (ডাক) নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনজন আহত হন বলে অভিযোগ করেন হাজী জালাল উদ্দিন। আহতরা হলেন- শাহিনুর (২৫), রেজান (১৭) ও শাস্তা মিয়া (৫০)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে হাজী জালাল উদ্দিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবর পেয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জগন্নাথপুর থানার এসআই অনিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


















