আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বড়লেখার দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন
- Update Time : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী ও এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সাথে সাধারণ ওয়ার্ডের তিন সদস্য প্রার্থীও আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন। এদিকে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সুনাম উদ্দিনের আপিল না-মঞ্জুর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর প্রার্থীতা ফিরে পেতে তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে মঙ্গলবার (৯ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাদের মনোনয়ন বহাল রাখেন। মনোনয়ন ফিরে পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক ও বর্ণি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আব্দুল মুহিত। এছাড়া সাধারণ সদস্য প্রার্থীরা হলেন-বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. বদরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ফয়জুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আহাদ।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান মঙ্গলবার রাতে জানান, আপিলে ২ চেয়ারম্যান ও ৩ সদস্য প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি জানান, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।





























