ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আপন দুই ভাই!
- Update Time : ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হয়েছেন আপন দুই ভাই। গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা। নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান প্রয়াত হাজী তেরা মিয়া (বতন) এর জ্যেষ্ঠ ছেলে মোঃ তাজ উদ্দিন আহমদ এবং মেজো ছেলে মোঃ জামাল উদ্দিন আহমদ। তারা দুজনেই একই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাজ উদ্দিন আহমদ ও জামাল উদ্দিন আহমদের সমর্থকেরা জানান, শিল্পপতি হাজী তেরা মিয়া বতন নন্দীরগাঁও ইউনিয়নের জনগণের ভোটে দুই দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন হাজী তেরা মিয়া। রাজনীতিবিদ হাজী তেরা মিয়া ২০১১ সালে তার মেজ ছেলে মোঃ জামাল উদ্দিন আহমদকে নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করে প্রশংসিত হন। পরবর্তী সময়ে মোঃ জামাল উদ্দিন আহমদও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। বর্তমানে মোঃ জামাল উদ্দিন আহমদ একটি মামলায় হাজতে রয়েছেন। এ ব্যাপারে প্রয়াত চেয়ারম্যান হাজী তেরা মিয়ার জ্যেষ্ঠ ছেলে মোঃ তাজ উদ্দিন আহমদ বলেন, একটি মামলায় আমার ছোট ভাই জামাল উদ্দিন আহমদ হাজতে রয়েছেন। জামাল উদ্দিন আহমদ হাজতে থাকায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনী কোন জটিলতা দেখা দিলে আমি নির্বাচন করবো। এজন্যে আমরা দুই সহোদর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছি।





























