নৌকায় ভোট দিন, আমরা উন্নয়ন দেব : প্রতিমন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০১:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হোসাইন আহমদ :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বের বুকে বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। এদেশে আওয়ামী লীগ যত বার ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রেখেছে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন দিতে পারবো।
প্রতিমন্ত্রী এমএ মান্নান রোববার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হল রুমে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর আয়োজনে বিজ কর্তৃক সুনামগঞ্জের ৫টি প্রাথমিক বিদ্যালয় (শিবপুর, নয়াগাঁও, চুড়খাই, মোহাম্মদপুর ও চন্দ্রপুর) পরিচালনার দায়িত্ব গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এমএ মান্নান আরো বলেন, গত বোরো মৌসুমে আগাম বন্যায় এ অঞ্চলের মানুষের লালিত স্বপ্ন ফসল তলিয়ে গিয়েছিল। মানুষ অসহায় নিঃস্ব হয়ে গিয়েছিল। অনেকেই মনে মনে ভাবছিল এবার বুঝি না খেয়ে মরতে হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার কাউকে না খেয়ে মরতে দেয়নি। সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে, নিজেদের জন্য নয়। আর সে জন্য দেশে আজ এতো উন্নয়ন হচ্ছে। দেশকে উন্নত মধ্যম আয়ের দেশ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আর কোন উন্নয়ন বাকি থাকবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদের সভাপতিত্বে ও বিজ’র উপ-নির্বাহী পরিচালক মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রবিন, বিজ’র চিফ অফ মাইক্রোফাইন্যান্স মো. খবির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, বিজ’র সিলেট অঞ্চলের সিলেট জোনাল ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, ডুংরিয়া শিবপুর গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী সিরাজুর রহমান, হাজী আলমাস আলী, মতিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিজ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রবিন বলেন, বিজ একটি বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান। যা ১৯৭৫ সাল থেকে দেশের দরিদ্র্য জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা, কৃষি ও সামাজিক বনায়ন, হাঁস-মুরগী ও গবাদি পশু পালন, আয়বর্ধনমূলক কর্মকা- ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ প্রদান, পরিবেশ উন্নয়ন, পানি ও পয়ঃনিষ্কাশন, জেন্ডার ও মানবাধিকার এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি ক্ষেত্রে সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।



















