‘অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ’
- Update Time : ০৫:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। আমার ব্যক্তিগত সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসিরকে কেন ডিবি পুলিশ গ্রেফতার করেছে আমি জানি না। এ বিষয়ে খোঁজ-খবর নিতে এডমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা যদি অপরাধী হয় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। রবিবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আগে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, না, এর আগে তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে বলে এখন তো আমরা শিওর হলাম। নিশ্চয় তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা কোর্টে প্রমাণ হবে, তার শাস্তি হবে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।




























