৭-ই মার্চ ১৯৭১ এবং একজন শেখ মুজিব
- Update Time : ০২:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জন্ম থেকে জ্বলতে থাকা নিপীড়িত এক জাতি, শোষন-শাসন আর অন্যায় অত্যাচারের বেড়াজালে বন্দি যাদের জীবন; নিজেদের অধিকার আদায়ের প্রতিটি ধাপে সংগ্রাম করে করে বেঁচে থাকা দিশেহারা এক জাতি, মাঝ দরিয়ায় প্রবল ঝড়ে আটকে থাকা নৌকার আশাহত যাত্রী, স্বাধীনতা,সার্বভৌমত্ব,স্বাধীন ভূ-খন্ড,নিজস্ব পতাকা যাদের আজীবন লালিত স্বপ্ন;
শুধু প্রয়োজন ছিল একটি কন্ঠস্বরের,বজ্রকন্ঠে আওয়াজ তোলা একজন সাহসী বীরের; একজন দক্ষ নাবিকের,যে এই হতাশায় নিমজ্জিত জাতিকে তীরে তোলে নতুন করে বাঁচতে শেখাবে।
হ্যাঁ বলছি বাঙালী জাতির কথা,
বলছি জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা;
যার ৭-ই মার্চের সেই ভাষন, অগ্নিকন্ঠে দেয়া স্বাধীনতার ঘোষনা; অসহায়-নির্যাতিত বাঙালী জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার উদাত্ত আহবান,ফলশ্রুতিতে নয় মাসের যুদ্ধ এবং যুদ্ধশেষে বিশ্বের বুকে নতুন মানচিত্র “বাংলাদেশ”, আমার বাংলাদেশ; আমাদের বাংলাদেশ।
আজ ৭-ই মার্চ, শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানকে,যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম না; ‘বাংলাদেশী’ বলে পরিচয় দিতে পারতাম না।
মতের অমিল থাকুক, পথের ভিন্নতা থাকুক, এমনকি রাজনীতির হরেক কৌশলও বিদ্যমান থাকুক, তবুও জাতির পিতা নিয়ে কোন হীনমন্যতা যেন এই ভূখণ্ডে আর না থাকে।
জাতির পিতা শেখ মুজিবকে সম্মান করতে হলে কাউকে যে বাংলাদেশ আওয়ামীলীগ করতে হবে, এমন কোন কথা নেই । বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উপর এই ক্ষণজন্মা অজাতশত্রু সিংহ হৃদয়ের মানুষটির রক্তের ঋণ রয়েছে । বঙ্গবন্ধুকে ভালোবাসলে এই বাংলার মাঠিকে ভালবাসা আরো সহজতর হবে, তার দেশপ্রেম-ত্যাগ-আদর্শকে বুকে ধারণ করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মিছিল আরো বেগবান হবে। মহান আল্লাহ পাক জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে বেহেস্ত নসিব করুন,আমীন।
এডভোকেট শাকী শাহ ফরিদী, আইনজীবী, জজ কোর্ট, সিলেট।



























