অনলাইন ডেস্ক :: দুই সারিতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেয়া হয়েছে। তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। অবশ্য তিনি যে দিক দিয়ে নামবেন তার সামনেই অপর এক শিক্ষার্থী হাঁটু এবং হাতের উপর শরীর ভাসিয়ে রেখেছে যেন তিনি সাবলীল ভাবে নামতে পারেন। আর এতে করে অবশ্য প্রধান অতিথি হাস্যোজ্জ্বল মুখে সফল ভাবেই শিশু মানব সেতু হেঁটে পার হন। জনপ্রতিনিধি হয়েও অমানবিকভাবে উদযাপন করছেন চাঁদপুরের এই আওয়ামী লীগ নেতা।
নিজ এলাকার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়ে ছাত্রদের পিঠের উপর হেঁটে চলার এমন অমানবিক ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। এদিন ছিলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


























