সুনামগঞ্জ শহরে আরো দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হবে- মেয়র নাদের বখত
- Update Time : ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, নাগরিক সেবার মান বৃদ্ধির পাশাপাশি সুনামগঞ্জ শহরে আরো দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হবে। বাইরের পর্যটকদের জন্য খাবার-দাবার-থাকার ব্যবস্থা সম্বলিত তথ্য উল্লেখ করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শহরে বিলবোর্ড টাঙানো হবে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা প্রাকৃতিকভাবেই অনন্য এক অঞ্চল। এর প্রতি দেশ-বিদেশের মানুষের আলাদা টান আছে। এখানকার, হাওর-জলাশয়-পাহাড়-নদীর টানেই প্রতি বছর হাজারো পর্যটক সুনামগঞ্জের সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন। নাদের বখত পর্যটকদের উপযোগী নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি সংগঠনের সংশ্লিষ্টজন সহ সুধীজনদের নিয়ে ট্যুরিস্ট ক্লাবের ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. কল্লোল তালুকদার, সহকারি পুলিশ সুপার ও সুনামগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সদস্য সালমান ফার্সী, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, অ্যাডভোকেট আবুল হোসেন, ব্যবসায়ী তোফাজ্জল হোসেন প্রমুখ।



















