সিলেট সিটি নির্বাচনে আরিফই বিএনপি থেকে জোটের একমাত্র প্রার্থী
- Update Time : ০১:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল দলের গুলশান কার্যালয়ে সিলেট বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী সিলেটে বিজয় সুনিশ্চিত করতে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। আর আরিফুল হক চৌধুরীকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী নিয়ে সকল জল্পনার অবসান হলো।
বিএনপির তৃণমূল চায় আরিফুল হক চৌধুরীকে। এমনটি আগেই মাঠ পর্যায়ে নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে- দলের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেট বিএনপির মেয়র প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করেন আরো ৫ প্রার্থী। তারা সবাই নিজ নিজ প্রার্থিতার পক্ষে অনড় ছিলেন। পাশাপাশি ২০ দলের শরিকদের মধ্য থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মহানগর জামায়াতের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও রয়েছেন সক্রিয়। এই অবস্থায় তাদের সঙ্গেও সিলেটে মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করে বিএনপি।
সিলেট বিএনপি ও শরিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবশেষ গতকাল বেলা আড়াইটার দলের গুলশান কার্যালয়ে এক বৈঠকে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সিলেট-৩ আসনের সাবেক এমপি শফি আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারণ সম্পাদক আলী আহমদ, ডা. শাহরিয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ূম জালালী পংকি, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকীসহ ১১ জন।
বৈঠক থেকে বেরিয়ে এসে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন- ‘দলীয় প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকেই মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সিলেটে নির্বাচনী লড়াইয়ে নামবেন। তার পক্ষে দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।’
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান- ‘দলীয় মনোনয়ন ঘোষণার পর কেন্দ্রীয় নেতারা সিলেটের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আর আরিফুল হক চৌধুরী সবার সঙ্গে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন- ‘সিলেট বিএনপিতে কোন্দল নেই। সবাই এখন ঐক্যবদ্ধ। সুতরাং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই এক সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান তিনি।’
মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক জানিয়েছেন- ‘দলীয় প্রার্থী ঘোষণার আগে কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাদের রাগ-অভিমান আলোচনার মাধ্যমে কমিয়ে দিয়েছেন। এখন আর কারও ভেতরে কোনো অভিমান নেই। সবাই আমরা ঐক্যবদ্ধ বলে জানান তিনি।’
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীসহ দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৬ জন। এর মধ্যে ছিলেন- বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন। শেষ মুহূর্তে আরিফের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সিলেটে বিএনপির মেয়র প্রার্থী নিয়ে নানা জল্পনার সূত্রপাত হয়। অবশেষে সিলেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়।



























