সিলেটে ৩ ছেলের বিরুদ্ধে থানায় পিতার মামলায় গ্রেফতার ১
- Update Time : ০৪:২৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট সদরের পাইকারগাঁও গ্রামের হাজী আব্দুল মছব্বির। থানায় তিনি মামলা করেছেন তার তিন ছেলের বিরুদ্ধে। মামলায় আসামী করেছেন তার দুই শ্যালককেও। অভিযোগ- ‘তিন ছেলে তাদের মামাদের যোগসাজশে তাকে প্রাণে মারতে হামলা এবং ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে।’ বৃহস্পতিবার তিনি বাদী হয়ে নগর পুলিশের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর (০২) তাং- ০২/০৮/১৮ইং। । এর প্রেক্ষিতে পুলিশ শনিবার দিনে তার এক ছেলে আব্দুল্লাহকে (২৮) গ্রেফতার করেছে।
মামলার অন্য আসামীরা হচ্ছে- তার ছেলে আকবর (৩২), ইউসুফ (২৮), শ্যালক সাজিদ আলী (৪৫), আতাউর রহমান গেদন (৫৫)। পুলিশ তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
মামলা সূত্রে জানা যায়, ‘আসামীরা পরধনলোভী সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বিভিন্ন সময় বাদীকে প্রাণে মারার জন্য ফন্দি করছিল। এ কারণে আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বাদী। যা তদন্তাধিন রয়েছে। এরমধ্যে গত ৩১ জুলাই আসামীরা তার গৃহে জোরপূর্বক প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং বাদীর মেয়েরা বাধা দিলে তাদের মারধর করে। এছাড়া বাদীকে হত্যারও হুমকি দেয়। এর প্রেক্ষিতে আইনী প্রতিকার পেতে তিনি থানায় মামলা দায়ের করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, ‘মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’



























