সিলেটে ৩ কেন্দ্রে দুপুরের অাগেই ভোটার শূণ্য
- Update Time : ০১:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের সংরক্ষিত নারী আসনের তিনটি ভোটকেন্দ্র দুপুরের আগেই ভোট শূণ্য হয়ে পড়েছে। ভোটারদের কোন লাইন নেই। বিক্ষিপ্ত ভাবে আসছেন ভোটাররা। লাইনে না দাঁড়িয়েই যার যার ভোট দিয়ে ফিরছেন তারা।
শনিবার বেলা পৌণে ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর হাজী শাহমীর (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকের ভবন পুরুষদের জন্য; নারীদের জন্য পশ্চিম পার্শ্বের ভবন। বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পুরুষদের জন্য; নারীদের জন্য দর্জিপাড়া সার্ক ইন্টারন্যাশনাল কলেজের কেন্দ্রগুলো দেখা গেছে ভোটারদের লাইন প্রায় শূণ্য। কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা।
সকালে বৃষ্টির কারণে উপস্থিতি কম হলেও ১০টার পর থেকে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছিল। তবে সময় বাড়ার সাথে ভোটার উপস্থিতি কমে গেছে। তবে শেষ সময়ে অর্থাৎ বিকাল আড়াইটার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
এই তিনটি কেন্দ্রে শুধুমাত্র মহিলা কাউন্সিলরের অমীমাংসিত পদে ভোট গ্রহণ হওয়ায় ভোটার উপস্থিতি কম। তবে ২ প্রার্থী নাজনীন আক্তার কণা ও নার্গিস সুলতানা রুমির সমর্থকেরা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে অনুরোধ জানাচ্ছেন। তারপরও উৎসাহ উদ্দীপনা কিংবা ভোটের আমেজ নেই।
কিছু সময় বিরতি দিয়ে দুই একজন ভোটার আসছেন, লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ভোট দিয়ে চলে যাচ্ছেন।

























