সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর
- Update Time : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের ৬টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় দায়ের করা ৩৯৬টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি-সাইবার ক্রাইম ইউনিট গত ২০ দিনে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় এই ৭০টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়। আজ অনুষ্ঠানের মাধ্যমে ৫০টি ফোন হস্তান্তর করা হয় এবং বাকি ২০টি ফোন ইতোমধ্যেই মালিকরা নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী একটি বিশেষ ‘মোবাইল ফোন উদ্ধার টিম’ গঠন করেন। প্রতি মাসে অন্তত ১০০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এই টিম।
মোবাইল ফোন হস্তান্তরকালে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নাগরিকদের সেবায় আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমাদের এই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে আরও বেশি জিডি নিষ্পত্তি করে নাগরিকদের সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।” একইসাথে তিনি সাধারণ নাগরিকদের মোবাইল ফোন ব্যবহার ও সংরক্ষণে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে অনেক মালিককে আবেগপ্রবণ হতে দেখা যায়। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা, পুলিশের এই আন্তরিকতা ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। নগরবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত এবং সাইবার অপরাধ দমনে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট তাদের কার্যক্রম আরও জোরদার করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


























