সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই
- Update Time : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই। রোববার বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
৭১ বছর বয়সী এই নেতা ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাজনীন সিদ্দিকী, দুই ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী, মেজবাহ আরেফিন সিদ্দিকী এবং মেয়ে ফারিয়া আজীম সিদ্দিকীকে রেখে গেছেন। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৪৭ সালে নওগাঁয় জন্ম নেয়া আখতার হামিদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে চার বার নওগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আখতার হামিদ সিদ্দিকী নওগাঁ জেলা বিএনপিরও সভাপতি ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়, আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ ইউনাটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিকালে নয়া পল্টনে জানাজার পর আগামীকাল সকাল ১০টায় সংসদ প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর তার নির্বাচনী এলাকায় নিয়ে জানাজা শেষে দাফন করা হবে।




























