সফল মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি : মেয়র নাদের বখত
- Update Time : ০১:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলে চলবে না, নিজেদের আদর্শবান ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
স্বাধীনতা শিশু-কিশোর পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিশু-কিশোর পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সৈকতুল ইসলাম শওকত।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখত আরো বলেন, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় মূল্যবোধস¤পন্ন আলোকিত মানুষ হতে হবে। একজন সফল মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি। ভালো মানুষ হতে পারলে সাফল্য তার পেছনে ঘুরবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে তারা ভবিষ্যতে ভালো মানুষ ও দায়িত্ববান নাগরিক হতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মো. চাঁন মিয়া, আইনজীবী নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, নবনী কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ঝন্টু তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৯২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শামসুল কাদির মিছবাহ।



















