শায়েস্তাগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
- Update Time : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন । শুক্রবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচল করলে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ৫টি অটোরিকশা আটক করে পুলিশ। পরে অটোরিকশা শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সেগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়।
পুলিশ অটোরিকশাগুলো ছেড়ে না দেওয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের নিষেধ করে। এর জের ধরে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অটোরিকশা সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সড়ে যেতে বললে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানয় পুলিশ।





























