মৌলভীবাজারে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে একই গ্রুপের দুই ছাত্রলীগ নেতা খুন
- Update Time : ০৪:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মৌলভীবাজারে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে একই গ্রুপের দুই ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী সাবাব (২১)। তিনি শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বকর সিদ্দিকীর পুত্র ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। অপরজন নাহিদ আহমদ মাহি (১৮)। নাহিদ কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্বপাশের প্রধান ফটক দিয়ে গাড়িযোগে রক্তক্ষরণ অবস্থায় দু’জনকে নিয়ে যেতে দেখেছেন। এসময় ওদের সঙ্গে গাড়িতে আরো সমবয়সী ২-৩ জন ছিল। নিহত উভয়েই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের সক্রিয় কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।




























