মেডিক্যালের ছাত্র ধূমপান করলে বহিষ্কার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- Update Time : ০৩:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, যদি মেডিক্যাল কলেজের কোনও ছাত্র ধূমপান করে তাহলে তাকে মেডিক্যালে রাখা হবে না, বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি কোনও চিকিৎসক ধূমপান করেন তাহলে তিনি মেডিক্যালে পড়াতে পারবেন না। নিজে উপদেশ দিবেন আর নিজেই ধূমপান করবেন, এটা হবে না। এছাড়া যারা ধূমপায়ী তাদের মেডিক্যালে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হবে না।
তিনি বলেন, ধূমপান মানেই বিষপান। এর কোনও সুফল নেই। সব গবেষণায় দেখা গেছে, যেকোনও ধরনের তামাক গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। মাদক বিভিন্ন পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকব্যাধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।এখানে কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক বলেন, হার্ট ফাউন্ডেশন তামাকবিরোধী আন্দোলনে কাজ করছে। তামাক শুধু বাংলাদেশের সমস্যা নয়, সমস্ত বিশ্বকে তামাকমুক্ত করতে হবে। সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে তামাকমুক্ত করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো আবুল কালাম আজাদ বলেন, হৃদরোগে যত মৃত্যু হয় তার ১৭ ভাগ তামাকজনিত কারণে। তামাককে প্রতিরোধ করতে পারলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব হবে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কর্মস্থলে চিকিৎসকদের ধূমপান নিষিদ্ধ করেছেন। বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে এদেশকে তামাকমুক্ত করতে চায়। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।



























