মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত- ১৬
- Update Time : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতভিটা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনসহ নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


























