‘ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত’
- Update Time : ০৬:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ধীরে ধীরে দৃঢ়তার সঙ্গে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এদেশের মানুষ, জনগণের কথা আগে আমাদের ভাবতে হবে। আমরা আলাদা সুযোগ-সুবিধা ভোগ করবো, সাধারণ মানুষ সেটা থেকে বঞ্চিত থাকবে। আমরা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা এসব বিষয়ে চিন্তা করবো কিনা, গভীরভাবে ভাবতে হবে। আমি মনে করি ভিআইপি কালচার থেকে বেরিয়ে আসলে অনেক সমস্যার সমাধান হবে।
আজ রোববার সচিবালয়ে ভিআইপিদের জন্য আলাদা লেনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে। তবে ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) বিষয়টা খতিয়ে দেখছে। এটা শুধু ভিআইপিদের জন্য আলাদা লেন নয়, এখানে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স, জরুরি সেবার বিষয়টা আছে। এগুলো বিশেষভাবে করলে অসুবিধা কি? তিনি বলেন, পারসোনালি আমি মনে করি, ওটা ঠিক আছে- অ্যাম্বুলেন্স, জরুরি সেবা, এ সব ব্যাপারে এ ধরনের লেন। যদিও আমাদের স্পেস খুব কম, কতটা সম্ভব হবে আমি জানি না। আপাতত ডিটিসিএ এমন কোনো ব্যবস্থা করতে পারবে, এই মুহূর্তে সেটা ভাবার কোনো কারণ নেই।



























