বিশ্বনাথে সৎ মায়ের বিরুদ্ধে প্রবাসী ছেলের সংবাদ সম্মেলন
- Update Time : ০৮:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সৎ মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ছেলে কলমদর আলী (৫০)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ কাজির গাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত ওয়াহাব আলীর ছেলে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, তার পিতা ওয়াহাব আলী ১৯৯৪ সালে দ্বিতীয় বিবাহের পর আলেয়ার গর্ভে শাহানারা ও ইউসুফ আলী নামের দুই সন্তানের জন্ম হয়। পরবর্তীতে তার সৎ মা আলেয়া, বোন শাহানারা ও ভাই ইউসুফকে লন্ডনে নেওয়ার জন্যে আবেদন করেন তার পিতা। এক পর্যায়ে ডিএনএ টেস্টে আলেয়া বেগমের ছেলে-মেয়েদের সাথে তার পিতা ওয়াব আলীর ডিএনএ না মেলায় আত্মসম্মানের ভয়ে বিগত ২০০২ সালের ১৫ আগস্ট স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে তিনি আলেয়াকে তালাক দেন। ২০০২ সালের ২ ডিসেম্বর ওই তালাক কার্যকর করা হয়। ২০১০ সালের ৭ নভেম্বর ২ স্ত্রী, ৫ ছেলে ও ৩ কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন প্রবাসীর পিতা ওয়াহাব আলী। পরবর্তীতে ছেলে মেয়েকে নিয়ে নিজ পিত্রালয় সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জে চলে যান আলেয়া বেগম। সম্প্রতি তার (কলমদর) দেশে আসার খবরে দীর্ঘ ১৩ বছর পর হঠাৎ আলেয়া বেগম ছেলে সন্তান নিয়ে জমিজমা দখলে নেওয়ার পায়তারাসহ সৎ ছেলে কলমদরের উপর হামলাও করেছেন। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করার পাশাপাশি ১ নভেম্বর এসব বিষয়ে আইনগত ব্যবস্থার জন্যে তার ভায়রা জাহাঙ্গীর আলম সিলেটের ডিআইজি বরাবরে আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন, পিয়ার আলী, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ ও আরজু মিয়া। এ বিষয়ে জানতে চাইলে আলেয়া বেগমের কলেজে পড়ুয়া মেয়ে শাহানারা বেগম বলেন, তার মা আলেয়া বেগম তালাকপ্রাপ্ত নন। পৈতৃক সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার জন্যে তার সৎ ভাই প্রবাসী কলমদর আলী নানা ভাবে তাদেরকে হয়রানি করছেন। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রচার সম্পাদক আক্তার আহমদ সাহেদ, সদস্য কামাল মুন্না, নবীন সোহেল, আব্দুস সালাম, মিছবাহ উদ্দিন।





























