বিশ্বনাথে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব
- Update Time : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব রোববার দুপুরে ১২টায় প্রবাসীসহ এক সাথে গ্রামের শত শত লোকজন পলো নিয়ে বিলের পানিতে ঝাপিয়ে পড়েন।
পলো বাওয়া উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অংশ। আগেকার দিনে বছরে একবার এই উৎসবটি পালন করতেন হাওর পাড়ের লোকজন। উৎসবের সপ্তাহ খানেক পূর্বে গ্রামে-গঞ্জে তৈলের টিনে ডাক-ঢোল বাজিয়ে জানিয়ে দেয়া হতো উৎসবের তারিখ। এমন খবর জানার পর লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে বাজার থেকে নতুন পলো ক্রয় করতেন। প্রতি বছরের মতো ১মাঘ (১৪ জানুয়ারি) রোববার সকাল থেকে লোকজন পলো’সহ মাছ ধরার বিভিন্ন যন্ত্র নিয়ে বিলের পাড়ে সমবেত হতে থাকেন। দুপুরে ১২টায় প্রবাসীসহ এক সাথে গ্রামের শত শত লোকজন পলো নিয়ে বিলের পানিতে ঝাপিয়ে পড়েন। এসময় উৎসবটি উপভোগ করতে গ্রামের পুরুষ, মহিলা, শিশু, কিশোর, কিশোরী ও প্রবাসী শিশুরাসহ সবাই বিলের পাড়ে উল্লাস করেন। বিলের পাড়ে উৎসব উপভোগ করতে যাওয়া গ্রামের মকবুল আলী (৯৫) নামের এক বৃদ্ধ বলেন- তাদের পূর্বপুরুষরা প্রায় দেড়শত বছর ধরে এই উৎসবটি পালন করে আসছেন। তাই তারা প্রতি বছর এই উৎসব পালন করে এর ধারাবাহিকতা রক্ষা করে আসছেন। ওই উৎসবে পলো দিয়ে প্রবাসীসহ গ্রামের তজমুল আলী, আব্দুল আহাদ, আব্দুল কাহার, মিজানুল করিম, হানিফ উল্লা, মতিউর রহমান, জমির আলী, আসাদ আহমদ, কয়েছ আলী, আইন উদ্দিন, লিমন মিয়া, সুরত আলী, আব্দুল আহাদ, মরতুজ আলী, আমিনুল ইসলাম, ফারুক আলী, সাইদুর রহমান, ফয়জুর রহমান, মুহিবুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ গ্রামের অনেকেই রুই, রাঙ্গা কারপু, বোয়াল, শউল ও মাগুর মাছসহ হরেক রকমের মাছ ধরেছেন।




























