বিশ্বকাপের বাঁশি- ১০ : আর্জেন্টিনার শেষ সুযোগ আজ
- Update Time : ০২:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ২০১৮ বিশ্বকাপটা যেন চমক আর অঘটনের বিশ্বকাপ। অনেকেই ভেবেছিল, কমিউনিস্ট দেশ রাশিয়ায় বিশ্বকাপ হচ্ছে, আয়োজনে-শৃঙ্খলায় এটা না হবে মানোত্তীর্ণ, আর খেলাও তেমন জমবে না। কিন্তু নিন্দুকের মুখে চুনকালি দিয়ে রাশিয়া চমৎকার ব্যবস্থাপনার একটি বিশ্বকাপ বিশ্ববাসীকে উপহার দিয়েছে। পরবর্তী আয়োজকদের এবারের আয়োজন থেকে অনেক কিছু শেখার আছে। আর খেলার কথা বললে বলতে হয় যে, প্রথম রাউন্ডেই এমন উত্তেজনা আগের আর কোনো বিশ্বকাপ ছড়িয়ে দিতে পারেনি।
এরইমধ্যে চমক দেখিয়ে স্বাগতিক রাশিয়া উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। গত বিশ্বকাপে (২০১৪, ব্রাজিল) যারা তিন খেলার একটিও জিততে পারেনি, তারাই এবার এক খেলা হাতে রেখে, বিশেষজ্ঞদের সকল ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করে সকলের আগে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তার বিপরীতে এখন পর্যন্ত ফেভারিট ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন শেষ ষোলোয় উঠা নিশ্চিত করতে পারেনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি দেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্বকাপের সাফল্য বিবেচনায় ফিফা এই ৮টি দেশের যে তালিকা করেছে তার এক নম্বরে আছে ব্রাজিল। এরপর ক্রমান্বয়ে জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের অবস্থান। তাই স্বাভাবিকভাবে এ দেশগুলো বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকে। তারমধ্যে তালিকার তিন নম্বরে অবস্থান করা ইতালি বাছাইপর্ব থেকে বাদ পড়েছে, অর্থাৎ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।
আর ফেভারিটদের ফেভারিট ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করতে পারেনি। প্রত্যেকেরই অপেক্ষার পালা দীর্ঘতর হল। তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। শুধু তাই নয়, স্পেন বাদে এ দলগুলো একদিকে যেমন তাদের নিজেদের খেলায় জিততে হবে, তেমনি গ্রুপের অন্য খেলার ফলাফলের দিকেও কম-বেশি তাকিয়ে থাকতে হবে। সুতরাং গ্রুপ পর্বেই যে রোমাঞ্চকর খেলা দেখা যাবে তাতে কোন সন্দেহ নেই। বিশ্বকাপের প্রথম পর্বে অতীতে আর কখনো এমন উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়নি। তাই শুধু গ্রুপের শেষ খেলাটা জিতে নয়, ফেভারিট দলগুলোকে এবার অঙ্কের জটিল সমীকরণ উতরিয়ে তবেই শেষ ষোলোয় পা রাখতে হবে।
কিন্তু এ মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা বিশ্বসেরা খেলোয়াড় মেসির আর্জেন্টিনার। যেখানে আর্জেন্টিনা এবার রানার্স-আপ হতেও রাজি ছিল না, সেখানে লা আলবিসেলেস্তেদের প্রথম রাউন্ড পার হওয়া নিয়েই টানাপোড়েন চলছে। এর কারণ নিজেদের ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ৩-০ গোলে হেরেছে। তবে আর্জেন্টিনা এখনো এলিমিনিটেড হয়ে যায়নি।
অর্থাৎ এখনো আর্জেন্টিনার সুযোগ আছে। আর এটাই শেষ, সর্বশেষ সুযোগ। যদিও এ সুযোগ অনেকগুলো ‘যদি’ আর ‘কিন্তু’র উপর নির্ভরশীল, নির্ভরশীল অঙ্কের জটিল সমীকরণের উপর। তবু আর্জেন্টাইন সমর্থকরা এ শেষ সুযোগের প্রত্যাশাতেই স্বপ্ন দেখছে। হয়ত এ স্বপ্ন পূরণ হতে পারে। কারণ দলটার নাম যে আর্জেন্টিনা। দলে যে আছে লিওনেল মেসি, ম্যারাডোনার উত্তরসূরী। আজকের খেলায় আর্জেন্টিনা যদি নাইজেরিয়ার সাথে জিতে এবং ক্রোয়েশিয়া যদি আইসল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে আর্জেন্টিনা সহজেই দ্বিতীয় রাউন্ডে যাবে। আর আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়, তাহলে আইসল্যান্ড যত গোল ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাবে, আর্জেন্টিনা তার চেয়ে দু’গোল বেশি ব্যবধানে নাইজেরিয়াকে হারাতে হবে।
আর্জেন্টিনা অবশ্য এর আগেও কয়েকবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। গত কুড়িটি বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনা তিনবার নাম প্রত্যাহার করে নিয়েছে, চারবার প্রথম রাউন্ড উতরাতে পারেনি আর একবার বাছাই পর্ব পেরুতে পারেনি। তবে সর্বশেষ তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনা ন্যূনতম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে, গতবারের রানার্স-আপও তারা। তাই কাপ নিয়ে যাওয়ার জন্যেই আর্জেন্টিনা এবার রাশিয়ায় এসেছিল।
আজকের শেষ সুযোগ কাজে লাগাতে হলে আর্জেন্টিনাকে নিজের খোলস থেকে বেরিয়ে আসতে হবে। গতি, একতা, নিষ্ঠা আর দলগতভাবে খেলতে হবে। দেশের কথা ভেবে, সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালবাসার কথা চিন্তা করে, ম্যারাডোনার চোখের জলের দিকে তাকিয়ে লা আলবিসেলেস্তেদের দ্যা সুপার ঈগলকে বড় ব্যবধানে হারানো ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নেই।



























