বালাগঞ্জে শফিকুর রহমান ট্রাস্টের বৃত্তি ও সনদ প্রদান সম্পন্ন
- Update Time : ০৪:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জে কওমী মাদ্রাসাভিত্তিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০হাজার টাকার বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলহাজ্ব শফিকুর রহমান খান এতিম ও গরিব ট্রাস্টের উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৯টি কওমী মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ২২জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ২হাজার টাকা করে বৃত্তি এবং সনদ প্রদান করা হয়। উপজেলার নিজগহরপুর দারুল উলুম নূরানিয়া মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের পাশাপাশি একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী। সভাপতিত্ব করেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ।
মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা সালেহ আহমদের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম হাফিজ মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী, বায়পুর মাদরাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, প্রখ্যাত আলেম মাওলানা নূরুল ইসলাম সুফিয়ান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হাই বাহুবলী, হাফিজ মাওলানা মুফতি মিছবাহ উদ্দীন শাহনাজ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা রাহাতুল হক চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, সমাজকর্মী আব্দুস সালাম, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা মাসরুর আহমদ, মাওলানা মঈন উদ্দীন আহমদ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা মশকুর আহমদ, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা জাকির হুসাইন, হাফিজ আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী বলেন, আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত জীবন পদ্ধতি অনুস্মরণ করে আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্য অর্জন করতে হবে। এ ক্ষেত্রে কওমী মাদ্রাসায় সার্বিক সহায়তার মাধ্যমে শান্তির সমাজ প্রতিষ্ঠায় কোরআন এবং সুন্নাহর শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি




























