প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা
- Update Time : ০৮:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া এবং এর প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার কলোনী (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর (৩২) স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে প্রতিবেশী মৃত রবি মিয়া (২২) তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় রবি মিয়া তাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান করেন। ভুক্তভোগী নারীর দাবি, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এশা ও তারাবির নামাজ শেষে তিনি ঘরে ফেরেন। এ সময় অভিযুক্ত রবি মিয়া হঠাৎ তার ঘরে ঢুকে পড়ে এবং তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রবি মিয়া পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে অভিযুক্ত পক্ষটি অভিযোগ অস্বীকার করে উল্টো ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় পরদিন রবিবার (১ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে রবি মিয়া ও তার সহযোগীরা দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে চড়াও হয়। তারা ওই গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, একজন প্রবাসীর স্ত্রীর ওপর এমন নেক্কারজনক হামলা ও শ্লীলতাহানির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
























