নবীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এবার সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা!
- Update Time : ১১:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টও। তবে ক্রিকেট-ফুটবলের মতো ইভেন্ট চলমান ছিল বাংলাদেশে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দেশের চলমান সব ধরনের ঘরোয়া খেলাধুলা স্থগিত রাখার ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এদিকে, সরকার যেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে সেখানে হবিগঞ্জের নবীগঞ্জে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে যেন এখন আর মরণ ভাইরাস করোনা নিয়ে কোন ডর ভয় নেই। হাজার হাজার দর্শক পাশাপাশি বসে ফুটবল ম্যাচ দেখেছেন। খেলার এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি। ৮ দিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ১০টি দল। পুরস্কার ছিল সোনার নৌকা-বৈঠা।
পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের কীর্তিনারায়ণ কলেজের পশ্চিমপাশের হলিমপুর মাঠে অনুষ্ঠিত হয় রামপুর গ্রামের ২ ও ৩নং ওয়ার্ডের মধ্যে ফাইনাল ফুটবল খেলা। খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোল করে। দ্বিতীয়ার্ধে কেউ গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন হল ৩নং ওয়ার্ড। যদিও খেলা চলাকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রশাসন খেলাটি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ঘটনাটি শোনার পরই পুলিশ পাঠিয়ে খেলা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে আয়োজকদের খোঁজে বের করে আইনের আওতার আনার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে এমন পরিস্থিতে নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি ফেসবুকেও Uno Nabiganj Habiganj আইডি থেকে এ সংক্রান্ত একটি পোষ্টও দিয়েছেন।




























