নবীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে: নারীসহ নিহত ৩, আহত ৩০
- Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০জন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে হবিগঞ্জ গামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই নিয়ন্ত্রন হারিয়ে বাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে ৩জন নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল বাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। নিহতদের মধ্যে ২জন পুরুষ ১জন মহিলা।





























