দিরাইয়ে চার শতাধিক গ্রাহক দুই সপ্তাহ বিদ্যুৎহীন
- Update Time : ০১:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে চার শতাধিক গ্রাহক প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎহীন। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর ও শ্রী নারায়ণনপুর গ্রামের ৪শতাধিক বিদ্যুৎ গ্রাহক প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎহীন রয়েছেন।
হলিমপুর গ্রামের তৈয়বুর রহমান, মন্নœান মিয়াসহ দুই গ্রামের বিদ্যুৎগ্রাহকরা জানান, রমজান মাসের শুরু থেকেই আমাদের দুই গ্রামের প্রায় ৪ শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো আশার বাণী পাচ্ছিনা।
করিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, যে কোনো সাময়িক সমস্যার কারণে কিছু সময় বিদ্যুৎ না থাকতে পারে কিন্তু সমস্যা এতোদিন থাকার কথা না। পবিত্র রমজান মাসের প্রথম থেকেই আমাদের এলাকা বিদ্যুৎহীন। কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা হতাশ। ইফতার-সেহেরিতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা কয়েক দিন দিরাই বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।
এ ব্যাপারে জানতে দিরাই উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।



















