দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এবং পুলিশসহ আহত ১০, আটক ৫
- Update Time : ০৩:৪৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি গুলিবিদ্ধ এবং পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায়।
জানা যায়, উপজেলার উজানীগাঁও গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে কামরুল ইসলাম ও একই গ্রামের মৌলভী মছদ্দর আলীর ছেলের খলিলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১১টায় একপক্ষ জায়গা তাদের দখলে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একই উপজেলার বড়মোহা গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে কুহিনুর মিয়া (২৮) গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের রাজু মিয়া (২৪), সুব্রত দেব (২৫) ও শামছুল ইসলাম (২১) আহত হন। অপর আহতদের নাম জানা যায়নি।
সংঘর্ষ চলাকালে পুলিশ উজানীগাঁও গ্রামের মনির মিয়ার ছেলে লায়েক মিয়া (২৮), মৃত কলিম মিয়ার ছেলে আব্দুল হাসিম মড়ল (৫০), আব্দুছ ছমাদের ছেলে লুৎফুর রহমান (৩৩), মৃত নুর ইসলামের ছেলে আমিরুল হক (২৫) ও তার ভাই জয়নুল হক (২৫)কে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।



















