তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ২১ দিনেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু- সুনামগঞ্জে বাণিজ্যমন্ত্রী
- Update Time : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার তার দৃঢ়তার পরিচয় দিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিটি অঙ্গীকার দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই মেয়াদকালের মধ্যেই সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব প্রান্তের যোগ্য পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে নির্বাচন করা হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাছাইকৃত ৬৯৭টি পরিবারের হাতে প্রাথমিকভাবে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত অভাবী মানুষদের চিহ্নিত করে এই কার্ড প্রদান করা হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




























