টিকটক করতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
- Update Time : ১২:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: টিকটক করতে অনিচ্ছা প্রকাশ করায় তরুণীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকালে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার গভীর রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। এতে জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুইজন কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। আটককৃত আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে মো. ইমরান তালুকদার ওরফে বিপি (২৫)। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।




























