জগন্নাথপুরে সিএনজিসহ ছিনতাইকারী অাটক
- Update Time : ০২:০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিসহ ছিনতাইকারী অাটক।
জগন্নাথপুরে অভিনব কায়দায় সিএনজি অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে ছিনতাই হওয়া অটোরিকশা সিএনজিসহ ছিনতাইকারী জসিম উদ্দিনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনভর জগন্নাথপুরের অটোরিকশা চালকদের এবং শহরের ৪নং ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ার হোসেনের জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী জসিম উদ্দিন অভিনব কৌশলে সিএনজি অটোরিকশা ছিনতাই করার বেশ ক’টি ঘটনার কথা স্বীকার করেছে। অবশেষে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধারের পর গাড়ির মালিক কোন ধরনের মামলা ছাড়াই তার সিএনজি অটোরিকশাটি নিয়ে যান। স্থানীয় লোকজনদের মধ্যে অনেকেই জানিয়েছেন ছিনতাইকারী, চোর, ডাকাতদের মালামাল’সহ আটক করলেও ক্ষতিগ্রস্থরা অপরাধিদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা না দেয়ায় পুলিশকে বিপাকে পড়তে হয়। ফলে এসব অপরাধিরা তাদের অব্যাহতভাবে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। জগন্নাথপুর পৌর শহর থেকে অভিনব কৌশলে সিএনজি অটোরিকশা ছিনতাই হওয়ার ২ঘন্টার মধ্যে ছিনতাইকারীসহ গাড়িটি আটক হওয়ার ঘটনায় স্থানীয় জনসাধারন জগন্নাথপুরের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার সুমন মিয়া ও রসুলগঞ্জ স্ট্যান্ডের ম্যানেজার আব্দুস সামাদসহ চালকদের অভিনন্দন জানিয়েছেন। সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের সিলেটী বাসস্ট্যান্ড এলাকা থেকে সিলেট নগরীর জালালাবাদ থানার টুকেরগাঁও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিন (৩২) সুনামগঞ্জ শহর থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। এসময় যাত্রী সেজে আসা ছিনতাইকারী জসিম উদ্দিন ঐ সিএনজি অটোরিকশা চালক রূপতন দাসকে ১হাজার টাকার নোট দিয়ে একটি দোকান থেকে মিষ্টি কেনার জন্য পাঠিয়ে দিয়ে সিএনজি অটোরিক্্রাটি নিয়ে চম্পট দেয়। অটোরিকশা চালক দোকান থেকে মিষ্টি নিয়ে এসে দেখতে পায় তার গাড়িসহ যাত্রী সেজে আসা ছিনতাইকারী পালিয়ে গেছে। ঘটনাটি প্রথমে জগন্নাথপুর খাদ্য গুদাম সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার সুমন মিয়াকে জানালে সুমন মিয়া ঘটনাটি সাথে সাথে পুরো উপজেলার সিএনজি স্ট্যান্ডগুলোতে গাড়ি ছিনতাই হওয়ার ঘটনা মোঠোফোনে জানিয়ে দেন। ফলে উপজেলার বিভিন্ন স্থানে গাড়ি স্ট্যান্ড গুলোতে গাড়ি ছিনতাইকারির সন্ধানে বিভিন্ন রাস্তায় চেক পোষ্টের ব্যবস্থা করে। পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার আব্দুস সামাদ জানান, ম্যানেজার সুমন মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে রসুলগঞ্জ-টুকেরবাজার সড়কের কচুরকান্দি নামকস্থানে অন্যান্য সিএনজি চালকদের সহযোগিতায় ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা’সহ ছিনতাইকারী জসিম উদ্দিনকে আটক করে রসুলগঞ্জ বাজার স্ট্যান্ডে নিয়ে আসা হয়। গাড়িসহ ছিনতাইকারী আটক হওয়ার সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে রসুলগঞ্জ বাজারে শত শত লোকজনদের ভীড় জমে। পরে জগন্নাথপুর সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার সুমন মিয়াসহ ছিনতাই হওয়া গাড়ির চালক রূপতন দাসসহ অন্যান্যরা রসুলগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডে গিয়ে আটক জসিম উদ্দিনকে তাদের হেফাজতে নিয়ে আসেন। এদিকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশার মালিক খবর পেয়ে সুনামগঞ্জ শহর থেকে রসুলগঞ্জ বাজারে পৌছে ছিনতাই হওয়া তার সিএনজিটি নিয়ে যান। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ার হোসেন জানান, গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য জসিম উদ্দিনকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ইতিপূর্বে একই ভাবে অভিনব প্রতারনা করে শহরের হবিবপুর এলাকা থেকে আরোও একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করার কথা স্বীকার করেছে। এদিকে গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য জসিম উদ্দিনকে জগন্নাথপুর পৌর শহরের ৪নং ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ার হোসেনের নির্দেশে জসিম উদ্দিনকে আটককারীরা ছিনতাই হওয়া গাড়ি ছাড়া থানায় হস্তান্তর করেন। জগন্নাথপুর থানার এস আই লুতফুর রহমান জানান, স্থানীয় লোকজন জসিম উদ্দিনকে চুরির অপরাধে আটক করলে তাদের জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন সিএনজি অটোরিকশাসহ জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শংকপুর গ্রামের সফিক আলীর বাড়িতে চুরির ঘটনাসহ বিভিন্ন চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে থানায় হস্তান্তর করা হয়। এস আই লুতফুর রহমান আরো জানান, ঐদিন জসিম উদ্দিনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে শংকপুর গ্রামের সফিক আলীর বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা স্বীকার করায় মামলা নং ১, তাং ০১-০৩-২০১৮ইং, ধারা ৪৫৭/৩৮২ সফিক আলীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।




























