জগন্নাথপুরে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র শবে বরাত পালিত
- Update Time : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
সন্ধ্যা নামতেই মুসল্লিরা ছুটে চলেন মহান রবের নৈকট্য লাভের আশায় মসজিদে। বিশেষ করে, কৃষকরা সারাদিন কৃষিকাজ নিয়ে ব্যস্ততা শেষে বাড়িতে ফিরে চলেযান মসজিদে। অধিক সময় মসজিদে রাত্রিযাপন করে নামাজ, জিকির ও শেষ রাত বিশেষ মোনাজাত করেন দয়াময় মহান অাল্লাহপাকের পবিত্র দরবারে।
পবিত্র শবে বরাতের সন্ধ্যা নামতেই উপজেলার ছোট-বড় বিভিন্ন মসজিদগুলোতে নামে মুসল্লিদের উপচে পড়া ভিড়। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হয় সবাই।
এশার নামাজে উপজেলার মধ্যে বড় জামাত হয়েছে সৈয়দপুর দরগাহে হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন রহ. জামে মসজিদে। নামাজের পর ফজিলতপূর্ণ পবিত্র শবে বরাতের গুরুত্ব নিয়ে ওয়াজ করেন, শায়খুল হাদিস শায়খ সৈয়দ অাব্দুর রাজ্জাক সৈয়দপুরী ও মুফতি সৈয়দ নোমান অাহমদ।
ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন।
মহিমান্বিত এ রজনীতে দেশ- বিদেশের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।





























