জগন্নাথপুরে পল্লী বিদ্যুতের অপ্রয়োজনীয় খুঁটি অপসারণের দাবি
- Update Time : ০৫:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি (গাজীর মোকাম) নামক গ্রামের পল্লী বিদ্যুতের অপ্রয়োজনীয় খুঁটি অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
জানাগেছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে স্থানীয় বালিকান্দি গ্রাম এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইনের খুঁটি বসানোর কাজ চলছে। লাইনে কাজ চলাকালীন সময়ে বালিকান্দি (গাজীর মোকাম) নামক স্থানে লাইনের অতিরিক্ত একটি খুঁটি বসানো হয়েছে। গ্রামে গউছ মিয়া নামের এক ব্যক্তির একটি ফার্ম রয়েছে। লাইনের ম্যাজারমেন্ট ছিল স্থানীয় রইছ মিয়ার বাড়ি থেকে গউছ মিয়ার ফার্মে খুঁটি বসানো হবে। অথচ নিজের জমির উপর দিয়ে লাইন না এনে প্রতিবেশি জমির মালিক আনোয়ার হোসেনের জমির উপর দিয়ে উল্টো দিকে গুড়িয়ে অতিরিক্ত আরেকটি খুঁটি বসিয়ে লাইন টানা হয়েছে। এখানে আনোয়ার হোসেনের বিদ্যুতের কোন প্রয়োজন নেই। শুধু জমির উপর দিয়ে লাইন দেয়ার কারণে ভবিস্যতে চাইলেও আনোয়ার হোসেন কোন ঘরবাড়ি তৈরি করতে পারবেন না। এ ব্যাপারে অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী ব্যক্তি গউছ মিয়া ও লাইনের কাজ পাওয়া ঠিকাদারের যোগসাজসে তার ব্যক্তি সুবিধার্থে লাইনে অতিরিক্ত খুঁটি বসিয়ে সরকারের ক্ষতি করা হয়েছে। তাই এখান থেকে বিদ্যুতের অতিরিক্ত খুঁটি অপসারণের দাবিতে জমির মালিকগণ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করলেও রহস্যজনক কারণে কোন কাজ হচ্ছে না বলে স্থানীয়রা জানান। বিদ্যুতের খুঁটিটি অপসারণের জন্য গত ২৩ মে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে ক্ষতিগ্রস্ত জমির মালিক আনোয়ার হোসেন লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জমির মালিক আনোয়ার হোসেন বলেন, আমার বিদ্যুতের কোন প্রয়োজন নেই। অথচ ব্যক্তি সুবিধার্থে আমার জমির উপর দিয়ে অতিরিক্ত খুঁটি বসিয়ে লাইন টানা হওয়ায় আমি চাইলেও ভবিস্যতে আমার জমির উপর কোন ঘরবাড়ি তৈরি করতে পারব না। এখানে খুঁটি বসানোর সময় আমরা বাধা দিলেও কোন কাজ হয়নি। পরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছে না। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জাহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।





























