ছাতক শহরের দু’টি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত
- Update Time : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে বিএনপি নেতার বাসাসহ দুটি বসতঘরে দুর্ধর্ষ চুরির সংঘটিত হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের মধ্যবাজারে আলহাজ্ব ডাক্তার গোলাম মন্তকার পুত্র মাহফুজ শিপলু ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেলের দারুস সালাম বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার দু’তলার একটি কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ দেড়লক্ষ টাকা, ১০ভরি ওজনের স্বর্ণালংকার, মাজকুর পাবেল ও ফাহমিদা সুমি নামীয় চেকবইসহ ৭লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাসার নীচ তলার অফিসে প্রবেশ করে মালামাল তছনছসহ ব্যবসায়িক কাগজ-পত্রও নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় আতিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার সকালে থানার এসআই শাহিন আহমদসহ পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, একই রাতে শহরের দেওয়ান কমপ্লেক্সের ৩য় তলায় ব্যবসায়ি ফখরুল আলমের বাসার জানালার গ্রীল বাঁকা করে চোর হাত ঢুকিয়ে জানালার পাশে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে দোকানের চাবি, নগদ প্রায় ৪০হাজার টাকা, ফ্ল্যাক্সি ও বিকাশ এজেন্টের সিমসহ ৭টি মোবাইল সেট নিয়ে গেছে চোরেরা। ফখরুল আলম জানান, ফ্ল্যাক্সি ও বিকাশ কোম্পানীর সাথে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করবেন তিনি। একই সময়ে শহরের বাগবাড়ি এলাকার ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাসের বাসায় চুরির ব্যর্থ চেষ্ঠা চালায় চোরেরা। শহরের ব্যস্ততম মধ্যবাজার এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাসা-বাড়ির মালিকদের মধ্যে বিরাজ করছে চুর আতংক। গত এক মাসের মধ্যে ছাতক মধ্যবাজারের ব্যবসায়ী নরেশ দেবের দোকান, শহরের মন্ডলীভোগস্থ চন্দন ঘোষের বাসাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।



















