গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ- অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ
- Update Time : ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দেশের বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন অবাধ করতে প্রয়োজনে সেনা মোতায়েন, স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সকাল সোয়া ১০টায় ইসি কার্যালয়ে সংলাপ শুরু হয়। সংলাপ শেষে ইসি সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের ব্রিফ করেন। সংলাপে আলোচনার বিষয়ে তিনি বলেন, আলোচনায় না ভোটের বিষয় এসেছে। ভোটার তালিকা হালনাগাদ যেন স্বচ্ছ হয় তার পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা। কালো টাকা, পেশী শক্তির ব্যবহার কমানোর উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন, প্রবাসীরা যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন তার পরামর্শ এসেছে। বিশেষ করে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সবাই পরামর্শ দিয়েছেন। গণমাধ্যম প্রতিনিধিদের প্রথম দিনের সংলাপে ২৬ জন অংশ নেন বলে সচিব জানান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর বসে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ পর্যন্ত দুটি সংলাপ হয়েছে। এ দুটি ফলপ্রসু মনে হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর বুঝা যাবে আসলে সংলাপ কতোটা ফলপ্রসূ হলো।
আজকের সংলাপে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন। আগামীকাল ইলেকট্রনিক মিডিয়ার প্রধান, অনলাইন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবে ইসি। নির্বাচন কমিশন সূত্র জানায়, দুদিনের সংলাপে গণমাধ্যমের ৭১ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই থেকে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নিয়ে তাদের পরামর্শ তুলে ধরেন।





























