গণতন্ত্র হত্যা করে বাক স্বাধীনতাকে গুম করেছে সরকার- খালেদা
- Update Time : ০২:২৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার গণতন্ত্র হত্যা করে বাক, ব্যক্তি ও চিন্তার স্বাধীনতাকে গুম করেছে।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবসের স্মরণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বেগম জিয়া উল্লেখ করেন, ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি গণঅভ্যূত্থানের মূল চেতনা ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন, বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম, বহুমত এবং চিন্তার চর্চা ও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়া।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখন আবারও একদলীয় স্বেচ্ছাচারী শাসন কায়েম করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করে বাক, ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা এখন গুম করে ফেলা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচন করে ভোট দিয়ে ভোটারদের নিজের পছন্দমতো প্রতিনিধি বাছাই করার অধিকার কেড়ে নেয়া হয়েছে।
আজকের এ মহান দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান বেগম খালেদা জিয়া।
ওদিকে, আজকেও দু’টি দুর্নীতির মামলায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ আদালতে হাজিরা দেন বেগম খালেদা জিয়া।
এর আগে ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেন।




























