খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ: গণতন্ত্রের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- Update Time : ০৫:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সকলকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে পুরাতন ঢাকার নাজিম উদ্দীন রোডের কেন্দ্রীয় পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। প্রায় ১ ঘন্টা সাক্ষাত শেষে ৫ টার কিছু আগে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম।
কিন্তু সেদিন অনুমতি পাইনি। আজকে ম্যাডামের পিএসকে জানানো হয়েছে আমি আজ দেখা করতে পারব। পরে আমি চারটার সময় এসেছি।
তিনি বলেন, দেশনেত্রী শারীরিক দিক দিয়ে বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। তাকে আমাদের অবস্থার কথা জানিয়েছি। আমরা আশা করছি দ্রুতই তার জামিন হবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের মনোবল ধরে রাখতে বলেছেন। একই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন- তারা যেন সজাগ থাকে ও গণতন্ত্রের জন্য জনগণ যেন ঐক্যবদ্ধ হয়।
























