খালেদা জিয়াকে ডিভিশনের সকল সুবিধা দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- Update Time : ০৩:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী ডিভিশনের সকল সুবিধা দেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি শুক্রবার রাতে গণমাধ্যমকে এ কথা বলেন। বিকালে বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর সেখানে তাকে ডিভিশন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার সাজা আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হওয়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনাইটেড ইসলামিক পার্টির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইন অনুযায়ী বিচার হয়েছে। তাদের যদি আরো কিছু বলার থাকে, উচ্চ আদালত রয়েছে, সেখানে তারা যেতে পারে। আরো যদি ক্ল্যারিফিকেশন থাকে, সেখানে হবে। আমরা এটাই জোর গলায় বলতে পারি, বিচারকদের ওপর কোনোরকম ইনফ্লুয়েন্স (প্রভাব) আমাদের নাই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় ঘোষণা করছেন এবং ভবিষ্যতেই তাই করবেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্য নিয়েই দেশ এগোচ্ছে। ওলামা মাশায়েখদের মসজিদে জঙ্গি, সন্ত্রাসের পাশাপাশি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কথা বলারও অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা।



























