কমলগঞ্জে একটি নিরীহ পরিবারকে হয়রানির অপচেষ্টা
- Update Time : ০৬:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নিরীহ পরিবারকে চিহ্নিত সংঘবদ্ধ চক্র কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানির অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতন ঊষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বৈদ্যনাথপুর, প্রকাশিত রাঙ্গাটিলা গ্রামের কলিম উলাহ তার মেয়ে নিপা বেগমকে ভিকটিম সাজিয়ে গত ১৭ সেপ্টেম্বর গ্রামের রজব আলীর পুত্র সমুজ আলী এবং গ্রামের শামীম মিয়া, জুয়েল ও বাছেতকে আসামী করে মৌলভীবাজার নারী শিশু ট্রাইবুনালে একটি মিথ্যা ধর্ষন মামলা দায়ের করে। এই মামলার পরই ১৮ সেপ্টেম্বর তারিখে মৌলভীবাজার কোর্টের রজব আলী সহ ৯ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করে। একের পর এক মামলা দায়েরের পরও ক্ষান্ত হয়নি এই চক্র। তারা সু-কৌশলে রজব আলীর পরিবারবর্গের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। গত শুক্রবার বিকেলে স্থানীয় ভাবে উক্ত বিষয়ের আপোষের চেষ্টা করা হলেও তারা এতে রাজি হয়নি, তারা অবিরত চাঁদা দাবী করে আসছে।
উক্ত প্রতারক চক্রের নানামুখী অপতৎপরতায় রজব আলীর পুরো পরিবার অতীষ্ট হয়ে উঠেছে। সামাজিক ভাবে চেষ্টা করেও কোন সমঝোতার উপায় না দেখে রজব আলীর পরিবার এখন পুরোপুরি অসহায়, তাদেরকে চরম আতংকে দিন কাটাতে হচ্ছে। নিরীহ রজব আলীর উপর এসব মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের বিষয় নিয়ে পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বহুল আলোচিত উক্ত প্রতারক চক্র কলিম উলাও তার মেয়েকে পুজি করে রজব আলীর পুরো পুরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। অথচ এসব চক্র এর আগে আরো অনেক পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক এসব মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে মানুষকে হয়রানি করলেও গ্রামের সহজ সরল মানুষজন তাদের কাছে অসহায়। এমতাবস্থায় নিরীহ রজব আলী ও তার পরিবার তাদের জীবন রক্ষার্থে প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।





























