ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নীতি কাঠামো অস্পষ্ট : টিআইবি
- Update Time : ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: স্থানীয় পর্যায়ে নাগরিকদের ডিজিটাল সেবা দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিষ্ঠা করা হলেও নীতি কাঠামোর অস্পষ্টতার কারণে এ সেবার কাক্সিক্ষত ফল ভোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে টিআইবি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সরকারের এ প্রজেক্টটি টেকসইকরণে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টিআইবি পরিচালিত ‘নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার: ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণায় এ চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়েছে।
রোববার টিআইবি’র মেঘমালা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো তুলে ধরা হয়।
গবেষণায় ইউডিসি পরিচালনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে- উদ্যোক্তা নির্বাচন প্রক্রিয়া, উদ্যোক্তার প্রযুক্তিগত প্রয়োজনীয় দক্ষতার নির্দেশনা, চুক্তির মেয়াদ, সেবামূল্য (সার্ভিস চার্জ) সম্পর্কে নির্দেশনা ইত্যাদি। এসব বিষয়ে ইউডিসি পরিচালনার জন্য পরিপত্রে সুস্পষ্টভাবে কিছু বলা নেই।
পরিপত্রে ইউডিসি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক উদ্যোক্তা নির্বাচনের উল্লেখ থাকলেও এর প্রক্রিয়া সস্পর্কে নির্দেশনা নেই। সুস্পষ্ট নির্দেশনা না থাকায় কোনও কোনও ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে উদ্যোক্তা নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করে টিআইবি।
নীতি কাঠামোর অস্পষ্টতার মধ্যে রয়েছে, উদ্যোক্তার চুক্তির মেয়াদ কতদিন হবে তা পরিপত্রে উল্লেখ নেই। উদ্যোক্তার দৈনিক উপস্থিতির ব্যাপারেও সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ নেই।
সরকারের এ প্রকল্প টেকসই করতে সার্বিক চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করার পাশাপাশি কিছু সুপারিশও করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, নীতিমালা সম্পর্কিত বিষয়গুলোর সমাধান করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা ও অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি করা ইত্যাদি।
টিআইবি’র সংবাদ সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড পলিসির প্রোগ্রাম ম্যানেজার জুলিয়েট রোজেটি। এছাড়া উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।




























