আসামীর হামলায় আহত এএসআইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
- Update Time : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে ওই আসামির হামলায় গুরুতর আহত মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই (নি:) বিকাশ চন্দ্র দেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এর আগে শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নরাইল পাশা এলাকায় এ হামলার শিকার হন তিনি। পরে রোববার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম জানান, এএসআই বিকাশ শনিবার রাতে নরাইলপাশা গ্রামে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জালাল মিয়াকে গ্রেফতার করতে যান। একপর্যায়ে গ্রেফতার করতে চাইলে আসামি জালাল এএসআই বিকাশকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার সঙ্গীয় ফোর্স তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে করে তাকে ঢাকায় স্থানান্তর করেন।
তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে এএসআই বিকাশকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



























