ছাতকে হামলার শিকার ব্যবসায়ী হাজী এনাম আইসিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
- Update Time : ০২:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হাজী মোস্তফা আনোয়ার এনাম (৪০) সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঈদের আগেরদিন বৃহস্পতিবার ইফতারের পূর্বমূহুর্তে তার উপর হামলা চালায় চাচাতো ভাই দবির ও তার স্ত্রী সহ লোকজন। হাজী মোস্তফা আনোয়ার এনাম পৌরসভার নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র। হামলাকারী দবির মিয়া মৃত নূর মিয়ার পুত্র। হামলার পরপরই হাজী মোস্তফা আনোয়ার এনামকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তিনি হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন। ৫ দিনের মধ্যে তার জ্ঞান ফিরেনি। ডাক্তাররা জানিয়েছেন হাজী মোস্তফা আনোয়ার এনামের অবস্থা আশংকাজনক। মোস্তফা আনোয়ার এনামের ভাই মোস্তফা দেলোয়ার পারভেজ সহ পরিবারের লোকজন সকলের কাছে দোয়া প্রার্থনা করে জানান, তার ব্যবসায়ী ভাই হাজী মোস্তফা আনোয়ার এনাম সিলেটে থাকেন। পরিবারের সকলের সাথে ঈদ উদযাপনের জন্য তিনি বাড়িতে এসেছিলেন। ঈদের আগের দিন ইফতারের পূর্বে ইফতারি ও বাজার নিয়ে ঘরে ফিরছিলেন। ঘরের পাশে আসলে চাচাতো ভাই দবির মিয়ার স্ত্রী লাভলী বেগম তার উপর নোংরা পানি ফেলে দেয়। এ নিয়ে দবির ও দবিরের স্ত্রীয়ের সাথে কথা কাটাকাটি হয় এনামের। এসময় দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগম সহ তাদের সহযোগীরা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে হাজী মোস্তফা আনোয়ার এনামকে। চিৎকার শুনে তিনি ও তার আরেক ভাই মোস্তফা জুবায়ের পাশের ঘর থেকে দৌড়ে আসেন। আশপাশের লোকজনও ঘটনাস্থলে এগিয়ে আসেন। এসময় হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাজী মোস্তফা আনোয়ার এনামকে উদ্ধার করে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তিনি আইসিইউ-তে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ উলটো মোস্তফা দেলোয়ার পারভেজকে আটক করে ঈদের দিন জেলহাজতে পাঠিয়ে দেয়। সোমবার সে জেলহাজত থেকে জামিনে মুক্তি পেয়েছে। এদিকে হামলার ঘটনায় আহত মোস্তফা আনোয়ার এনামের অপর ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ছাতক থানায় ৯জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় দবির মিয়ার ভাই রকিব মিয়া ও কবির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গেছেন বলে জানা গেছে। বর্তমানে তারা পলাতক রয়েছে। এ মামলার অন্যান্য আসামী শিহাব মিয়া, মিশু, শরীফ, জমির মোল্লা, শিউলী পলাতক রয়েছে বলে জানা গেছে।




























