সুনামগঞ্জে ৭ উপজেলায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৮ নেতা
- Update Time : ০৪:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ১০টি উপজেলায় প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। সাতটিতেই বিএনপি’র পদবীধারী একাধিক প্রার্থী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকছেন বলে জানিয়েছেন। নানাভাবে সম্ভাব্য শক্তিশালী এই প্রার্থীরা মাঠে তৎপরতা শুরু করেছেন। বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থীতার ঘোষণা দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। একজন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে গতকাল পদত্যাগও করেছেন। বিএনপির তৃণমূল কর্মীরা দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন। দলীয় প্রতীকে না থাকলেও বিএনপি স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নিলে জমজমাট লড়াই হবে বলে মনে করেন সুধীজন।
সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন নির্বাচনে লড়াই করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। গতকাল রবিবারও তার ঘনিষ্ঠজনরা দেওয়ান জয়নুল জাকেরীনের নির্বাচনের বিষয়টি স্বীকার করেছেন। বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি গতকাল রবিবার এ বিষয়ে তার সমর্থকদের সহযোগিতা চেয়েছেন। তাহিরপুরে বিএনপি’র দুই শক্তিশালী নেতা সাবেক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হবেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে গতকাল রবিবার জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি প্রার্থী হওয়ার লক্ষ্যে গতকাল উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন। তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হকও প্রার্থী হচ্ছেন। রবিবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হিসেবে সবার দোয়া চেয়েছেন। জামালগঞ্জে প্রার্থী হবেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক আফিন্দী। দিরাইয়ে যুবদল সভাপতি মাসুক চৌধুরী নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। দোয়ারাবাজার উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার। তার সমর্থকরা দীর্ঘদিন ধরে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে ছাতক, শাল্লা ও ধর্মপাশা উপজেলায় বিএনপির কোন প্রভাবশালী নেতা প্রার্থী হচ্ছেন না বলে জানা গেছে। ধর্মপাশা ও শাল্লা উপজেলায় গত নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল। বিএনপির বর্তমান দুই চেয়ারম্যান গণেন্দ্র সরকার ও মোতালেব খান এবার প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আমি জনগণের প্রতিনিধি। জনগণ আবারও তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন। নির্বাচন নিরপেক্ষ হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আমি আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেব। শাল্লা উপজেলা বিএনপি নেতা ও বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র সরকার বলেন, আমাদের দল দলীয়ভাবে এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবেনা বলে জানিয়েছে। নির্বাচনে কারচুপি ও অনিয়ম হবেই। তাই নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠেনা।



















