তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’
- Update Time : ০১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তরুণ ভোটারদের ভাবনা জানতে ব্যতিক্রমী এক অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। এতে অর্ধশতাধিক তরুণ-তরুণীর সঙ্গে চায়ের আড্ডায় অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা শীর্ষক অনুষ্ঠানে নতুন ভোটারদের সঙ্গে চা, চটপটি ও ঝালমুড়ি উপভোগ করেন তিনি। জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এ অনুষ্ঠান আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম। এতে জাইমা তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা বিনিময় করেন।
আয়োজকরা জানান, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৫৫ তরুণ-তরুণী অংশ নেন। তাদের আতিথেয়তা করেন ব্যারিস্টার জাইমা। এ সময় তিনি উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন।
আলোচনায় জাইমা নারী নেতৃত্ব, নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, ভবিষ্যত কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন নগরীর যানজট সমস্যা নিয়ে কথা বলেন। একই সঙ্গে এসব সংকট থেকে উত্তোরণের উপায় নিয়ে তরুণদের ভাবনার কথা শোনেন তিনি।




















