জগন্নাথপুরে সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪২জনকে আসামি করে মামলা, গ্রেফতার- ৩
- Update Time : ১১:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জামে মসজিদের বার্ষিক ইসলালী সম্মেলন (ওয়াজ মাহফিল)কে কেন্দ্র করে দু’পক্ষের আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনায় ৪২জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও) পুরাতন জামে মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর আধিপত্য বিস্তারে মুক্তার মিয়া ও ইজাদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ আহত হন। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় ৪২জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত ছমির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা যান।
আহত ছমির মিয়ার মৃত্যুর পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এস আই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত রইছ উল্লাহর ছেলে বাদশা মিয়া (৫৫), বাদশা মিয়ার ছেলে শাকিব মিয়া (২০), তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)। আসামিদেরকে আজ সোমবার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















