জগন্নাথপুর সৈয়দপুরে জামাল হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার, বন্দুক ও গুলি উদ্ধার
- Update Time : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১৩ মে) ফেনী জেলার সদর এলাকা থেকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে গত ২৮ এপ্রিল রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ আনহার মিয়ার ছেলে সৈয়দ জামাল (৪৫) হত্যার মূল আসামী সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের মৃত সৈয়দ এলাইছ মিয়ার ছেলে সৈয়দ হুসবান আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যানুযায়ী জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগর কবরস্থান থেকে ঘটনায় ব্যবহৃত ১টি একনালা বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মামলার ২নং আসামি সৈয়দ হুসবান আহমদকে আজ রোববার (১৪ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের ভাই সৈয়দ হোসাইন গত ১ মে জগন্নাথপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে থানায় হত্যাসহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
























