জগন্নাথপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি
- Update Time : ০৪:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আব্দুল আহবাব খালিক (৩৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে ছুরিকাঘাত করে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজার মালেকা কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইয়ে শিকার হন ওই ব্যবসায়ী। পরে জনতার হাতে আটক হয় এক ছিনতাইকারী। তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ওই ছিনতাইকারী পৌর এলাকার ইসহাকপুর গ্রামের আনকার মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২২)। জানা যায়, বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ভবের বাজার ফ্রেন্ডস টেলিকম-এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী আব্দুল আহবাব খালিক বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে একদল সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সংগে থাকা ব্যবসায়ীর প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ব্যবসায়ী আব্দুল আহবাব খালিকের চাচাতো ভাই সুহেল মিয়া জানান, আমার চাচাতো ব্যবসায়ী আব্দুল আহবাব খালিক তার দোকান রাতে বন্ধ করে দোকানের ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল। এসময় ৩/৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী তাকে হামলা করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। যদিও একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাকিরা টাকা নিয়ে পালিয়ে গেছে। নগদ টাকা প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় আমার চাচাতো ভাই আব্দুল আহবাব খালিক গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে তাকে গুরুতর আহত অবস্তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
























